![]() |
| রাজশাহীতে সাইবার অপরাধে একজনের কারাদণ্ড |
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলার এক আসামিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। আসামির নাম মোমিনুল ইসলাম চঞ্চল। তার বাড়ি নগরীর বোয়ালিয়া থানার মোন্নাফের মোড় এলাকায়। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, আসামি চঞ্চল ভুয়া ফেসবুক আইডি থেকে মামলার বাদী ও তার কর্মস্থলের ছবি ব্যবহার করে তার সম্পর্কে বাজে মন্তব্য লিখে স্ট্যাটাস দেন। তার আত্মীয়স্বজনের ফোনে অশ্লীল ছবি ও অশালীন কথা লিখে পাঠাতে থাকেন। ২০১৭ সালের এপ্রিলে বাদী এ ঘটনায় নগরীর রাজপাড়া থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা করেন। ২০১৭ সালের ২ মে পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরে তিনি জামিনে মুক্ত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমত আরা জানান, তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি পুলিশ অভিযোগপত্র দাখিল করে। রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তাই তাকে সাত বছরের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। আর জরিমানার টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী পাবেন।

0 মন্তব্যসমূহ