বিমানের ড্রিমলাইনার দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন


 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনার শিকার হয়েছে বিমানের বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার। এ ঘটনায় দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করে কমিটিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৪ নম্বর বোর্ডিং গেটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গতকালই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইঞ্জিনিয়ারিং শাখা থেকে ব্যাখ্যা চেয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর সূত্রে জানা গেছে, বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলেই বিমানটি পুশব্যাক শুরু করায় উড়োজাহাজটির দরজা ও বোর্ডিং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ড্রিমলাইনারটিকে বিমানের হ্যাঙ্গারে রাখা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘বোর্ডিং ব্রিজ থেকে বিমান পৃথক করার সময় যেসব নিয়ম-কানুন মানতে হয়, সেগুলো মানা হয়নি। তারা প্লেনের দরজা ও বোর্ডিং ব্রিজের সংযোগ না খুলেই পুশব্যাক করেছে। বিষয়টি শুনে আমি নিজেই ঘটনাস্থলে যাই। ঘটনাটি কিভাবে এবং কেন হয়েছে তা বিমানের ইঞ্জিনিয়ারিং শাখার কাছে জানতে চেয়েছি। বিমান পুশব্যাক ও সিগন্যাল দেওয়ার জন্য বিমানের ইঞ্জিনিয়ারিং শাখা দায়িত্বপ্রাপ্ত।’

উল্লেখ্য, এর আগে গেল এপ্রিলে বিমানবন্দরের হ্যাঙ্গারে আগে থেকেই বিমানের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের জন্য রাখা দুটি উড়োজাহাজের ধাক্কা লেগে দু’টিই ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় বিমানের প্রিন্সিপাল প্রকৌশলীসহ পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ